- ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুতল থেকে পড়ে মৃত্যু হল তরুণীর। অনুমান, তিনি ন’তলা থেকে ঝাঁপ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানার অন্তর্গত শেক্সপিয়র সরণি এলাকায়। দেবলিনা সাউ (২৬) নামে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে অনুমান পুলিশের। দেবলিনা সাউ একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিনের মতোই তিনি বৃহস্পতিবারও নির্দিষ্ট সময়ে ব্যাংকে আসেন। অফিসে কাজকর্মও করেন কিছুক্ষণ। হঠাৎই সকলের নজর এড়িয়ে অফিসের ন’তলার ছাদে চলে যান। সেখান থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। কিছু পড়ার শব্দ পেয়ে বেরিয়ে আসেন বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা। তাঁরা এসে দেখেন, এক তরুণী রাস্তায় পড়ে রয়েছেন। মাথায় আঘাত রয়েছে। উপর থেকে পড়লে যে ধরনের আঘাত লাগে তাঁর শরীরে সেই ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ওই বিল্ডিংয়ে থাকা অফিসের কর্মীরা ঘটনা শুনে নীচে নেমে আসেন। যে ব্যাংকের সঙ্গে তিনি জড়িত ছিলেন, সেখানকার কর্মীরাই তরুণীকে চিহ্নিত করেন। জানা যায়, তাঁর নাম দেবলিনা সাউ। খবর পেয়ে আসে বেনিয়াপুকুর থানা। তাঁরা ওই তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পরিবারকে। ঘটনা শুনে পরিবারের সদস্যরা হাজির হন। তাঁরা দেবলিনাকে চিহ্নিত করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই তরুণী বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন। কাজ ছাড়াও অন্য সমস্যা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। সেখান থেকে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে অনুমান করছেন তদদন্তকারীরা। তাঁর অফিসের সহকর্মীদের সঙ্গে এই নিয়ে কথা বলছেন অফিসাররা। মোবাইলের কল লিস্ট ও চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।
