খাগড়াছড়ি-রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, হামলা ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে পৌঁছেছে।
অবরোধকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ ও স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা জোড়াব্রিজ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এছাড়া, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সাপমারা এলাকায় গাছ কেটে সড়ক আটকে দেওয়া হয়েছে।
অবরোধের কারণে এখনো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অবরোধের কারণে কিছু মানুষ বিপাকে পড়েছেন।
গত বৃহস্পতিবার গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে অবরোধ চলাকালে সাজেক সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধকারীদের। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে।
অবরোধে হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে গতকাল শুক্রবার ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।
এর আগে, বুধবার অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন। একইসঙ্গে বুধবারের মধ্যে পর্যটকদের সাজেক ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। একইসঙ্গে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। কিন্তু, পথে উজোবাজার এলাকায় তারা অবরোধকারীদের বাধার মুখে পড়েন। পর্যটকদের নিরাপদে বের করে নিতে হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
