দেশের পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে রাজধানী ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত পৃথক দুটি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
এর আগের দিন মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে। পরদিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
