আশুলিয়ায় মামলা-হামলার হুমকি, নির্যাতন ও অতিরিক্ত টাকা আদায়ের হোতা সুদ ব্যবসায়ী ববিতা আক্তার ওরফে সুন্দরীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানা ফটক এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, সুদ ব্যবসায়ী ববিতা আক্তার সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে জিম্মি করে আসছে। টাকা আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়, ভুক্তভোগী নারী ও পুরুষদের ওপর নির্যাতন ও তাদের মালামাল আটকে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া মিথ্যা মামলা ও হামলার হুমকি দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা ববিতা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি, তাকে দ্রুত গ্রেপ্তার, হয়রানি বন্ধ, আটকে রাখা মালামাল ও অতিরিক্ত আদায় করা টাকা ফেরতের জোরালো দাবি জানান তারা।
