অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চোরবাজার সার্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টানা বৃষ্টি, অতিরিক্ত ভিড় এবং আতঙ্কের কারণে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএনআইকে বিনয় কুমার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টির কারণে প্যান্ডেলে থাকা লোকজন বের হতে চাইছিলেন না। এ সময় আরও মানুষ প্রবেশ করায় ভিড় বাড়তে থাকে এবং চাপাচাপির পরিস্থিতি তৈরি হয়। তাঁর দাবি, ঘটনাস্থলে পুলিশ থাকলেও ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্যান্ডেল কমিটির পক্ষ থেকে ভিড় কমাতে লোকজনকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছিল। একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে প্যান্ডেল ভেঙে পড়তে পারে বলে ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলনের ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বাকিরা স্থিতিশীল রয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে ডি-গ্রেডের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পূজার প্যান্ডেল কমিটির সদস্যসহ ১২ জনকে আটক করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু রয়েছে। বাকিরা প্রাপ্তবয়স্ক পুরুষ।
