দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে দুই লাখ ২৬ হাজার ৩৪০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৩৪১ টাকা কমিয়ে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় তিন হাজার ২৬৬ টাকা। এই দাম বাড়ানোর নয় দিন পর আবারও দাম কমানো হলো। এতে দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমলো চার হাজার ৯৫৭ টাকা।
স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে তিন হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে তিন হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে দুই হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
