বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়জয়কার। বাদ যাচ্ছে না নারী ক্রিকেটও। বিশ্বের অন্যতম জনপ্রিয় নারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আসন্ন আসরের নিলামে এবারও নাম নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের।
এবারের নিলামে সবচেয়ে বেশি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাংকলি ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মলিনিউর জন্য। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন ভারতের জি কামালিনী ও কিরণ নাগভিরে এবং অস্ট্রেলিয়ার হিদার গ্রাহাম ও জেস জোনাসেন।
এ ছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিজেদের নাম নিবন্ধিত করেছেন ৩০ জন ক্রিকেটার। এই তালিকায় উল্লেখযোগ্য নাম শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস ও দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ান।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স ও অভিজ্ঞতা বাড়াতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ যেমন মেলে, তেমনি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের পথও উন্মুক্ত হয়।
অতীতে জাহানারা আলম ও সালমা খাতুনদের মতো ক্রিকেটাররা নারী আইপিএলে খেলেছেন। যদিও এরপর আর কারও খেলার সুযোগ হয়নি।
