Published on
:
1 min read
আমেরিকা আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারত কোন পক্ষ নেবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতর্ক বাঁধালেন রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠোর। বৃহস্পতিবার একটি জনসভায় তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে, ভারত ইসলামাবাদের পাশেই দাঁড়াবে।’ মদন রাঠোরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস-সহ বিরোধী নেতারা।
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরে রাজ্য বিজেপির সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মদন রাঠোর বলেন, ‘আজ যদি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তা হলে আমরা পাকিস্তানের পাশে থাকব।’ নিজের মন্তব্যের কারণ ব্যাখ্যাও করেন তিনি। মদনের কথায়, ‘কারণ তারা আমাদের প্রতিবেশী।’
বিজেপি নেতার এই মন্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র শামা মহম্মদের কথায়, ‘ভারতীয় সেনা ও সাধারণ নাগরিকদের হত্যা করতে যে পাকিস্তানের হাত কাঁপে না, সেই দেশের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এসেছে।’ শামার আরও প্রশ্ন, ‘নরেন্দ্র মোদী এবং অমিত শাহও কি পাকিস্তানের পাশে রয়েছেন? যদি না থাকেন, তা হলে এই দেশবিরোধী মন্তব্যের জন্য কী পদক্ষেপ করা হচ্ছে, তা আমাদের জানান।’
সমাজমাধ্যমে বিজেপির রাজ্য সভাপতির ওই মন্তব্যের ভিডিয়ো শেয়ার করেছেন আম আদমি পার্টির নেতারাও। কংগ্রেসের সুরে সুর মিলিয়েই আপের যুব শাখার রাজ্য সভাপতি রমেশ মাতিয়ালা এবং দলের নেতা বিনয় মহাবল মিশ্র বলেন, ‘এটাই দেশবিরোধী মন্তব্য।’ তাঁদের দাবি, বিজেপি আর পাকিস্তানের আদর্শ যে একই, এই বক্তব্য থেকেই তা প্রমাণিত। মদন রাঠোরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন নেটিজ়েনরাও।
পরে নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে রাঠোর দাবি করেন, যুদ্ধ নয়। তিনি আসলে ক্রিকেট ম্যাচ নিয়ে বলেছিলেন। রাঠোরের কথায়, ‘পাকিস্তানের জয়ে বাজি ফাটালে বা উল্লাস করলে, তা দেশপ্রেমের পরিচয় নয়—এই কথাই তিনি বোঝাতে চেয়েছিলেন।’ বিজেপি নেতার বক্তব্য, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
