- ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন ককরোচ বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী। টেনশন সামলে অনেকটাই স্বাভাবিক যন্তরমন্তর। পুজোর প্রস্তুতিতে ফিনিশিং টাচ দিচ্ছে চিত্তরঞ্জন পার্ক। রাজধানীর বাঙালি পাড়ায় আলোর রোশনাই। ঢাকের বোলে মহাষষ্ঠীতে মায়ের বোধন। এমন আবহেই শুক্রবার মোহন বাগান সমর্থকরা সাগ্রহে তাকিয়ে থাকবেন রাজধানীর দিকে। অ্যাওয়ে ম্যাচে পানোস ব্রিগেডের প্রতিপক্ষ এস সি দিল্লি। গুয়াহাটিতে প্রথম ম্যাচে নর্থ ইস্টের কাছে পরাস্ত হয়েছে মোহন বাগান। অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফেরাই গ্রিক কোচের চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার স্থানীয় ফ্রন্টিয়ার ফুটবল গ্রাউন্ডে প্রস্তুতি সারল মোহন বাগান। দলের সঙ্গে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেন। তবে তিনি পুরো ফিট নন। দিল্লির বিরুদ্ধেও অনিশ্চিত অজি স্ট্রাইকার। আইএফএ শিল্ডে নর্থ ইস্টের বিরুদ্ধে কুঁচকিতে চোট পেয়েছিলেন ম্যাকা। সামনে লম্বা মরশুম। তাই ম্যাকলারেনকে নিয়ে অযথা তাড়াহুড়োয় নারাজ টিম ম্যানেজমেন্ট। তিনি না পারলে শুরু করবেন লি আরউইন। নর্থ ইস্টের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিল মোহন বাগান। স্কোয়াডে ফাইন টিউন করার সম্ভাবনা রয়েছে। ব্রাজিলিয়ান প্লে-মেকার মিগুয়েলের দিকে নজর রাখতে হবে। ভিসা সমস্যায় কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। এখনও চেনা ছন্দে নেই । এমনকি, আইএফএ শিল্ড ফাইনালে তাঁকে ডাগ-আউটে রেখেছিলেন পানোস। নর্থ ইস্টের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমেও সুবিধা করতে পারেননি মিগুয়েল। দ্রুত ছন্দ না পেলে চাপ বাড়বে তাঁর উপর। প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের ব্যাখ্যা, ‘নতুন দল। মানিয়ে নিতে একটু সময় লাগছে মিগুয়েলের। সতীর্থদের গতির সঙ্গে তাল মেলাতে হবে ওকে। তবে ডাগ-আউটে রাখার বদলে মিগুয়েলকে প্রথম একাদশে রাখা উচিত।’ লক্ষ্যভেদের জন্য ছাংতে, ড্র্যাজিচ, সাহাল কম্বিনেশনের উপর পানোস অনেকটাই নির্ভরশীল। উইং থেকে কাট করে ঢুকে এসে বিপদ বাড়াচ্ছেন ছাংতে। দ্রুত গোল তুলে নিতে পারলে স্বস্তি পাবে টিম ম্যানেজমেন্ট।
প্রতিপক্ষ দিল্লি এফসি কতটা ওজনদার? ডুরান্ড কাপের সেমি-ফাইনালে তারা ইস্ট বেঙ্গলের কাছে টাই-ব্রেকারে হারে। মাঝমাঠে বিদেশি পেনা ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার রড্রিগুইনহো বিপজ্জনক। আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি’র কাছে ২-৩ গোলে পরাস্ত হয় তারা। ফুটবলারদের গড় বয়স কম। ফিটনেস ও দৌড় অস্ত্র করে পানোস ব্রিগেডকে ঝটকা দিতে চায় তারা।
দিল্লিতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ইউটিউবে।
