অভিনয়ের দক্ষতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সমসাময়িক অভিনেতাদের মধ্যে কাউকেই নিজের চেয়ে এগিয়ে মনে করেন না তিনি। এমনকি নিজের সমকক্ষ হিসেবেও কাউকে বিবেচনা করেন না এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন ঋত্বিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋত্বিককে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ের এমন তিনজন অভিনেতার নাম বলতে, যাঁরা অভিনয়ে তাঁর চেয়ে এগিয়ে এবং যাঁদের দেখে তাঁর ঈর্ষা হয়। প্রশ্নের উত্তরে এক মুহূর্তও দেরি না করে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ঋত্বিক বলেন, ‘আমাদের এই সময়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই। আমার সমান কিংবা আমার চেয়ে একটু পিছিয়ে আছে। আমার চেয়ে এগিয়ে কেউই নেই।’
সমসাময়িক শিল্পীদের নিয়ে এমন আত্মবিশ্বাসী মন্তব্য করলেও আগের প্রজন্মের অভিনেতাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন ঋত্বিক। অতীতের এমন তিনজন অভিনয়শিল্পীর নাম জানতে চাইলে তিনি উল্লেখ করেন রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জির নাম। বাংলা চলচ্চিত্রে তাঁদের অভিনয় প্রতিভা ও স্বতন্ত্র অবস্থানের বিষয়টিও তাঁর পছন্দের তালিকায় রয়েছে বলে সাক্ষাৎকারে উঠে আসে।
বর্তমান চলচ্চিত্রশিল্পের পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, প্রচলিত বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমে যাওয়ায় শুধু তারকানির্ভরতা দিয়ে চলচ্চিত্রের সাফল্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে দক্ষ অভিনয়শিল্পীদের প্রয়োজনীয়তা আরও বাড়ছে।
ঋত্বিকের ভাষ্য, ‘প্রচলিত কমার্শিয়াল সিনেমাগুলো তেমন আসছে না। তার মানে, ওই হিরোদের দিয়েও সিনেমাগুলো চালানো যাচ্ছে না। এর মধ্য থেকে একটা বিষয় স্পষ্ট, অভিনেতা লাগবেই। এখন ভালো অভিনেতা যদি খুঁজে বের করতে না পারো, তাহলে ইন্ডাস্ট্রির ক্ষতিই হবে।’
সম্প্রতি সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন ঋত্বিক। দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ছবিটিতে উগ্রপন্থীর চরিত্রে দেখা গেছে তাঁকে। সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী।
নিজের অভিনয় নিয়ে ঋত্বিকের এমন স্পষ্ট বক্তব্য বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে তাঁর মন্তব্যে উঠে এসেছে অভিনয়শিল্পীদের দক্ষতা ও চলচ্চিত্রের মান নিয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি।
