কুমিল্লার হোমনায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এম কে আনোয়ার শুধু হোমনা বা কুমিল্লার নন। তিনি ছিলেন জাতীয় রাজনীতির তারকা পুরুষ। তিনি অত্যন্ত সৎ ও আপসহীন রাজনীতিবিদ ছিলেন। হোমনা-তিতাস অঞ্চলের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান সেলিম ভূঁইয়া। মরহুমের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের পক্ষ থেকে বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া করেন। এ সময় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, হোমনা থানার ওসি টমাস বড়ুয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
