
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: | বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ০৯:০৫
ছবি সংগৃহীত।
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার চৌয়ারফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৩টার দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো, নুরু মিয়া ও আব্দু শুক্কুরের কুলিং কর্নার এবং নাসির উদ্দীনের সুতার রশির দোকান। এ ছাড়া মোহাম্মদ তোফাইলের মোবাইল ফোনের দোকান, হেলাল সওদাগরের চায়ের দোকান ও কায়োমের ফার্মেসিসহ আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আগুনে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তাঁদের ব্যবসা পরিচালনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
চকরিয়ায় ৩ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: | বুধবার ১৪ অক্টোবর ২০২৬ ০৭:০১

ছবি সংগৃহীত।
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা প্রায় তিন শতাধিক ভাসমান দোকান ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চকরিয়া উপজেলা প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার এই অভিযান পরিচালনা করেন।
এ সময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ডা. লোকমান হাকিমসহ প্রশাসনের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে সড়ক পরিবহন আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, “এই অভিযান কিছুদিন পর পর নিয়মিত চলবে, যাতে কেউ জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে।”
সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

কক্সবাজার প্রতিনিধি: | মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ০৪:৪৩

ছবি সংগৃহীত।
কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি জাফর আলম ও তাঁর স্ত্রী মিসেস শাহেদা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৮ অক্টোবর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা ভুল বিবরণী দাখিল করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জাফর আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারারুদ্ধ রয়েছেন। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের মামলাসহ তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার প্রতিনিধি: | মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ০২:৪১

ছবি সংগৃহীত।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রুমখাঁ মরিচ্যা হাজীর পাড়ার বাসিন্দা মরহুম আলহাজ পেটান আলী সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান।
প্রফেসর ড. মোকতার আহমেদের কর্মজীবন:
কিউরেটর: বোটানিক্যাল গার্ডেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ফেব্রুয়ারি ১৯৮২ – অক্টোবর ১৯৯২)
সহকারী অধ্যাপক: উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অক্টোবর ১৯৯২ – জুন ১৯৯৭)
সহযোগী অধ্যাপক: উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (জুন ১৯৯৭ – জানুয়ারি ২০০৪)
অধ্যাপক: উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (জানুয়ারি ২০০৪ – অক্টোবর ২০২৩)
প্রশাসনিক অভিজ্ঞতা:
প্রভোস্ট: স্যার এ এফ রহমান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মে ২০০৬ – এপ্রিল ২০০৯)
চেয়ারম্যান: উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মার্চ ২০১১ – মার্চ ২০১৪)
পরিচালক (ভারপ্রাপ্ত): বোটানিক্যাল গার্ডেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অক্টোবর ২০১১ – মার্চ ২০১৪)
নির্বাহী পরিচালক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পল্লী উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) (ফেব্রুয়ারি ২০১৫ – মার্চ ২০১৬)
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোকতার আহমেদ সিবিআইইউ-এর ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবাগত ভিসিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, প্রফেসর ড. মোকতার আহমেদের যোগ্য নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে; রচিত হবে সম্ভাবনার মাইলফলক এবং উচ্চশিক্ষা বিস্তারে আসবে নতুনত্ব ও সমৃদ্ধি।
