ডিএসইতে সাড়ে ৯ মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন
শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। তবে টানা দরপতনে পুঁজি নিয়ে দু:চিন্তায় দিন কাটাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগকারীদের প্রশ্ন দেশের পুঁজিবাজার হাটঁছে কোন পথে। আমাদের দেখার মতো কি কেউ নেই। ফলে টানা দরপতনে চলছে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ।
এছাড়া ডুবতে থাকা পুঁজিবাজার টেনে তুলবে কোন কান্ডারী? ফলে দেশের পুঁজিবাজারে দরপতনের ধারা যেন থামছেই না। তেমনি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে বর্তমান কমিশনের ওপর আর আস্থা রাখা যাচ্ছে না বলে মনে করছেন একাধিক বিনিয়োকারীরা।
মুলত পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের প্রত্যাশায় আগের কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে নতুন কমিশন দায়িত্ব পেয়েছে, তা অর্জনে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারের প্রতি আগ্রহ থাকলেও বর্তমান কমিশনের কার্যক্রমের ওপর আস্থা ক্রমেই কমছে।
বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, একটি স্থিতিশীল বাজারকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে লেনদেন তলানিতে নামিয়ে আনা হয়েছে। এতে বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারের বিভিন্ন পক্ষের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অনেকেই বর্তমান কমিশনের পরিবর্তন চান। এছাড়া বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বাজার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখাতে পারেনি। বরং পুঁজিবাজারের পরিস্থিতি সামাল দিতে কমিশনের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, দর কমেছে ২২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১ টির। ডিএসইতে ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮২ কোটি ৩১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে। সিএসইতে ১৩৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৬১ টির দর বেড়েছে, কমেছে ৮৪ টির এবং ১১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


