পুরান ঢাকার চকবাজারের চক মোগলটুলী সড়কের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ৩০ ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে আশপাশের সব মার্কেট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঘটনাস্থল ঘুরে এ চিত্র দেখা গেছে। ভবনটির নিচে ফায়ার সার্ভিসের গাড়ি অবস্থান করছে। চক মোগলটুলী সড়কের দুই পাশে নিরাপত্তাবেষ্টনী দিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ভবনের নিচে ব্যবসায়ী ও কর্মচারীদের ভিড় দেখা গেছে।
ক্ষতিগ্রস্ত ভবনের দোকানিরা আগুন থেকে রক্ষা পাওয়া মালামাল নিচে নামিয়ে আনছেন। তবে আগুনে না পুড়লেও ধোঁয়ার কারণে অনেক মালামাল কালো হয়ে গেছে।
ভবনটির ষষ্ঠ তলায় ব্যাগের দোকান রয়েছে ব্যবসায়ী আশরাফুলের। তিনি জানান, আগুনে তাঁর দোকানের মালামাল না পুড়লেও ধোঁয়ায় সব কালো হয়ে গেছে। ফলে এসব পণ্যের প্রায় অর্ধেক আর বিক্রির উপযোগী নেই। তিনি মালামাল নিচে নামিয়ে এনেছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে লালবাগ থেকে দুটি, সদর দপ্তরের সিদ্দিকবাজার থেকে দুটি এবং পলাশী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়।
প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে এরপরও আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জানান, আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে ভবনের অগ্নিকাণ্ডস্থলে পানি দিচ্ছেন।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
