চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি লেবুবাগান থেকে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের মুন্সি মণ্ডলটোলা এলাকার একরামুল হকের লেবুবাগান থেকে তিনটি বালতিতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে আমবাগানের ভেতরে থাকা লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী মাটি ভরাট করা তিনটি গর্ত দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। পরে গর্তের ওপর পলিথিন দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়, সেখানে হাতবোমা বা ককটেল রাখা হয়েছে। তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দুপুর থেকে এলাকাটি ঘিরে রাখে। পরে সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচে পুঁতে রাখা তিনটি বালতি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধারের পর এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে বালতিগুলোতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা দুটি ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হন। ওই সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
রোববার উদ্ধার করা ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
