আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তাঁর উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার শেষ হয়েছে পশ্চিমাঞ্চলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা। একাধিক রিপোর্টে পার্থিব প্যাটেলের নাম সামনে এলেও, তিনি এই পদের জন্য আবেদনই করেননি। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে থাকা রমেশ পাওয়ার এবার সিনিয়র নির্বাচক হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন। পশ্চিমাঞ্চল থেকে প্রধান নির্বাচক পদে তাঁকে বিবেচনা করতে পারে বিসিসিআই।
অন্যদিকে, আরও একটি রিপোর্টে দাবি করা হয়েছে, পার্থিবের আবেদন না করার পিছনে ভারতীয় ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের প্রভাব অন্যতম কারণ হতে পারে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সম্প্রতি জানিয়েছেন, সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান লক্ষ্মণ ভবিষ্যতে সব নির্বাচনী বৈঠকেই উপস্থিত থাকবেন। পার্থিব আবেদন না করায়, অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান প্রজ্ঞান ওঝাই আপাতত দায়িত্বে থাকতে পারেন। বোর্ডের এক সূত্রের দাবি, বিশ্বকাপ পর্যন্ত আগরকরকে দায়িত্বে রাখতে চেয়েছিল বোর্ড। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায়। নতুন চেয়ারম্যান এলে তাঁর ক্রিকেটীয় ভাবনা বর্তমান টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের পরিকল্পনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, সেটাও বিবেচনা করতে হবে।
এদিকে, নির্বাচক কমিটিতে বড় নাম আনার ক্ষেত্রে পারিশ্রমিক নিয়েও সমঝোতা করছে বিসিসিআই। আরপি সিং এবং প্রজ্ঞান ওঝা নির্বাচক কমিটিতে যোগ দেওয়ার পর প্যানেলের খরচের বাজেট ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৭.৪৫ কোটি করা হয়েছিল। ২০২৬-২৭ অর্থবর্ষে সেই বাজেট আরও বেড়ে হয়েছে ১৯.৩৫ কোটি টাকা। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, প্রায় ১০০ টেস্ট খেলা দু'জন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিল বিসিসিআই। তবে তাঁরা নির্বাচকের দায়িত্ব নিতে রাজি হননি। ফলে আগরকরের উত্তরসূরি হিসেবে শেষপর্যন্ত কাকে বেছে নেয় বোর্ড, সেটা নিয়ে জল্পনা আরও বাড়ল।
