শাড়িতে একের পর এক নজরকাড়া লুকের পর এবার নতুন সাজে ধরা দিলেন রাশমিকা মান্দানা। স্বরোভস্কির এক অনুষ্ঠানে অমিত আগরওয়ালের নকশা করা ক্রিস্টালখচিত করসেট ও নীল ড্রেপে আধুনিক গ্ল্যামারের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছেন অভিনেত্রী।
রাশমিকার সাজের মূল আকর্ষণ ছিল মিডনাইট ব্লু করসেট। হার্ট-শেপড নেকলাইন, শরীরের গড়ন অনুসরণ করা কাঠামোবদ্ধ কাট আর ছড়িয়ে থাকা ক্রিস্টালের ঝিলিক পোশাকটিকে দিয়েছে সাহসী, জমকালো মেজাজ। প্রচলিত কালো-সোনালি পার্টি লুকের বদলে গাঢ় নীলের এই নির্বাচনও ছিল বেশ ব্যতিক্রমী।

বেনারসি অনুপ্রেরণায় ড্রেপ
করসেটের সঙ্গে ছিল মেঝে ছুঁয়ে যাওয়া নীল ড্রেপ। অ্যাসেম্যাট্রিক ডিজাইনের মাঝে সোনালি অলংকরণে ফুটে উঠেছে বেনারসি শৈলীর অনুপ্রেরণা।
স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানির পরিকল্পনায় বডিহাগিং করসেট ও লং ড্রেপের বৈপরীত্য সাজটিতে এনেছে ভারসাম্য। একদিকে আধুনিকতা, অন্যদিকে ঐতিহ্যের ছোঁয়া।
পরিমিত গয়না, স্নিগ্ধ মেকআপ

ঝলমলে পোশাকের সঙ্গে রাশমিকা বেছে নিয়েছিলেন ডায়মন্ড নেকলেস, লম্বা পেনডেন্ট ও ড্রপ ইয়াররিংস। গয়নায় সংযম থাকায় পোশাকের ক্রিস্টালই থেকেছে মূল আকর্ষণ। মাঝখানে সিঁথি, খোলা রাখা সোজা চুল, উজ্জ্বল ত্বক, উইংড আইলাইনার ও চোখের পাতায় হালকা শিমার তাঁর সাজে এনেছে বাড়তি আকর্ষণ। ঠোঁটে ছিল গ্লসি রোজ-ব্রাউন শেড।

করসেট, ড্রেপ আর বেনারসি অনুপ্রেরণার এই মেলবন্ধনে রাশমিকা দেখালেন, ঐতিহ্যের ছোঁয়া রেখেও কীভাবে পার্টি লুকে আনা যায় আধুনিকতা।
