জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
প্রতিযোগিতায় নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী দুই শতাধিক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য, কবিতা ও সংগীতের মাধ্যমে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছেন। তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, খাদ্য অফিসার জামাল উদ্দিন, আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাস, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনসা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রূপক।
