বলিউড মেগাস্টার সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয়, তবে সম্প্রতি বাবার সঙ্গে একটি সুন্দর ও আবেগময় মুহূর্ত শেয়ার করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তিনি। প্রখ্যাত চিত্রনাট্যকার ও তাঁর পিতা সেলিম খানের সঙ্গে কয়েকটি নজরকাড়া ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই অভিনেতা।
শেয়ার করা ছবিগুলোতে বাবা-ছেলে দুজনকেই বিশেষ সাজে দেখা গেছে। সালমান ও সেলিম খান-উভয়েই মাথায় চড়িয়েছিলেন কাউবয় টুপি, যা তাদের লুকে এক ভিন্ন মাত্রা যোগ করে। একটি ছবিতে দেখা যায়, অত্যন্ত পরম মমতায় বাবার হাত শক্ত করে ধরে আছেন সালমান। পারিবারিক উষ্ণতা আর শ্রদ্ধায় ভরা এই ফ্রেমটি দেখেই বোঝা যায় তাদের সম্পর্কের গাঢ়তা।
ছবিগুলোর ক্যাপশনে বাবার প্রতি অপরিসীম ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে সালমান লিখেছেন, ‘হাউডি পার্টনার, ৯১ বছর বয়সেও… বাপ বাপ হোতা হ্যায়। তিনিই আসল মনস্টার।’
সালমানের এই পোস্টটি সামনে আসার পরপরই নেটদুনিয়ায় রীতিমতো ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে। ৯১ বছর বয়সেও সেলিম খানের এমন ফিটনেস, ব্যক্তিত্ব ও ভেতরের জোর দেখে মুগ্ধ নেটিজেনরা। ভক্তরা সালমান ও তাঁর বাবার ছবির নিচে ভালোবাসা, শ্রদ্ধা ও সেলিম খানের দীর্ঘায়ু কামনা করে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
