নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিবের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান ও মতিউর রহমান সেলিম এবং যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরোপ্রধান হোসাইন শাহিদ।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর আঘাত। তাঁরা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে সহিংসতার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে ময়মনসিংহ বিভাগজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে ত্রিশাল প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম বাদল, দুইবারের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবাইর হোসাইন, মোহাম্মদ সেলিমসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যেভাবে হত্যার শিকার হন আলিফ ফকির, উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি সাবেক সেনাসদস্য ছিলেন। পাশাপাশি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
জানা গেছে, ওই পেজে তিনি স্থানীয় অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন। স্থানীয়দের ধারণা, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। সাংবাদিক নেতারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
The post সাংবাদিক আলিফ ফকির হ’ত্যা’র প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন appeared first on ভোরের চেতনা.
