ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা মো. শহিদ মাদবর। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছিলেন। চরম আর্থিক অনটন আর অভাবের সংসারের চাকা ঘুরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল এই অসহায় মানুষটিকে। পরিবারের এই দুর্দশা দূর করতে এবং তার জীবিকার স্থায়ী সংস্থান করে দিতে এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি রিকশা উপহার দেয়া হয়েছে।
নতুন এই রিকশাটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. শহিদ মাদবর। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আগে কাঠ নামাইতাম। কিছুদিন পায়ে রিকশাও চালাইছি। আমি খুব অসহায়, পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হয়। এ অবস্থায় হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মো. রাজ ভাইকে বিষয়টি জানালে তিনি এই রিকশার ব্যবস্থা করে দেন। এই রিকশাটা পেয়ে আমি খুব সন্তুষ্ট। আমি রিকশাটা ইনকাম করে ভালোভাবে ছেলে-মেয়েরে খাওয়াবো।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবেই শহিদ মাদবরকে এই সহায়তা দেওয়া হয়েছে।
ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন বলেন, আমাদের শহিদুল ভাই দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে খুব অসহায়ভাবে জীবনযাপন করছিলেন। আমরা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করছিলাম উনাকে একটা রিকশার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মো. রাজ ভাই, তাকে এই রিকশাটার ব্যবস্থা করে দিয়েছেন।
ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন আরও বলেন, আমরা দোয়া করি, রাজ ভাইয়ের জন্য এবং যিনি এই অর্থায়ন করেছেন, তার পরিবার-পরিজনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। তাদের নেক হায়াত কামনা করছি।
