বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সার্বিক দিকনির্দেশনায় এসএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি ও শিক্ষার সুযোগ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি যশোর শহরের স্বনামধন্য কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া এজাজিয়া দারুল উলুম (রেলস্টেশন মাদ্রাসা) এর সম্মানিত মুহতামিম ও শিক্ষকবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বাউবির ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের এসএসসি প্রোগ্রামের ভর্তি কার্যক্রম জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব সেখ সোহেল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জামিয়া এজাজিয়া দারুল উলুমের সম্মানিত মুহতামিম এবং যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল করিম (যশোরী)।
সভায় বাউবির এসএসসি প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া, সহজ পাঠদান পদ্ধতি, ক্লাসের সুবিধাসমূহ এবং সাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত শিক্ষার নানা সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিশেষ করে ঝরে পড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত মানুষদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বহুমুখী শিক্ষা কার্যক্রমের আওতায় আনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বাউবির শিক্ষা কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতে যশোর আঞ্চলিক কেন্দ্রের এই প্রচারণামূলক উদ্যোগ ও মতবিনিময় সভা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
