জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
এর আগে সকালে উপজেলার কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তাঁর স্বামী ইয়াকুব আলী পলাতক রয়েছেন।
নিহত রোজিনা আক্তার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে স্বজনেরা মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।
