টপ অর্ডারের তিন ব্যাটার ভালো করলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান। সেঞ্চুরি তুলে নিয়েছেন সেদিকুল্লাহ অটল। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি ইব্রাহীম জাদরান। পরের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩০০ রানের আগেই থেমেছে আফগানদের ইনিংস।
সোমবার (১৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৯৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।
দলীয় ৫০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ২৫ রান করে ফেরেন তিনি।
তবে দ্বিতীয় উইকেটে ইব্রাহীম জাদরান ও সেদিকুল্লাহ অটলের ১৪০ রানের জুটি আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। ৯৬ বলে ৯০ রান করে ব্র্যাড ইভানসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইব্রাহীম।
এরপর দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। অধিনায়ক রহমত শাহ ১২ বলে ৭ এবং আজমতুল্লাহ ওমরজাই ৯ বলে ৮ রান করে আউট হন।
একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন সেদিকুল্লাহ অটল। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর ইনিংস আর বড় করতে পারেননি তিনি। ১১০ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
শেষদিকে হাসমতুল্লাহ শাহিদি ৩০ বলে ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অন্য ব্যাটাররা দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ফলে তিনশ রানের আগেই থামে আফগানিস্তানের ইনিংস।
যে আই
