ক্ষমা চাইলেন মার্তিনেস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
-->আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের কর্মকর্তাদের সমালোচনা করেছিলেন লিসান্দ্রো মার্তিনেস। এবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারে ইউনাইটেড। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ক্লাবের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্সের সমালোচনা করেন মার্তিনেস। দলবদলের সময় প্রয়োজনীয় খেলোয়াড় না আনায় কোচ মাইকেল ক্যারিক যথেষ্ট সমর্থন পাননি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাবের অনুশীলন মাঠে বৈঠকে বসেন মার্তিনেস। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উইলকক্স ও কোচ ক্যারিক। বৈঠকের পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেস লিখেন, ‘আজ আমি ক্লাবের শীর্ষ নেতৃত্ব এবং কোচের সাথে বৈঠকে বসেছিলাম। এটি খুবই ইতিবাচক একটি আলোচনা ছিল, যেখানে আমরা একে অপরের সাথে মতামত বিনিময় করতে পেরেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর ঘটে যাওয়া ঘটনা নিয়ে খোলামেলা কথা বলতে পেরেছি। সবাই জানেন যে আমি একজন আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলটা খুব আবেগ দিয়েই খেলি। হারের হতাশা থেকেই হয়তো ভুল সময়ে ও ভুল জায়গায় নিজের অনুভূতির প্রকাশ ঘটিয়ে ফেলেছিলাম, আর সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
এ ঘটনায় মার্তিনেসের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, তাকে জরিমানা করা হয়েছে।
পাপ্পু/
আরও পড়ুন
রোনালদোর ফেরা নিয়ে আশাবাদী ভিতিনহা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগালের জাতীয় দল যেন অপূর্ণ। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের সঙ্গে কোচ হোর্হে জেসুসের বিরোধে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সেই অস্বস্তিকর পরিস্থিতির অবসান চান সতীর্থরা। রোনালদোর জাতীয় দলে ফেরার পথও খোলা দেখতে চান তারা। পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহার আশা, দ্রুতই সবকিছুর সমাধান হবে। আবারও দেশের জার্সিতে দেখা যাবে রেকর্ড গোলদাতাকে।
সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে খেলার সুযোগ না পেয়ে কোচ জেসুসের ওপর ক্ষুব্ধ হন রোনালদো। ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড এরপর পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। তবে একই সঙ্গে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন আল নাসরের এই তারকা।
বিষয়টি নিয়ে কথা বলেছেন পিএসজির মিডফিল্ডার ভিতিনহা। বুধবার ম্যানচেস্টার সিটির মাঠে ৪-২ গোলের জয়ের পর টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, সবকিছুর ভালোভাবে মীমাংসা হবে। আশা করি, তিনি ফিরে আসবেন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলতে, আমরা সবাই এটাই চাই। আমি আশা করি, তিনি ফিরবেন এবং সব জট খুলে যাবে।’
আরও পড়ুন
এদিকে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন রোনালদো। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে যে শাস্তিই দিক, তা মেনে নিতে প্রস্তুত। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
পাপ্পু/
আরও পড়ুন
ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনাতেও আস্থা ফেরেনি, কঠোর ইংল্যান্ড-জার্মানি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত
-->ক্ষমা চেয়েও বিতর্ক থামাতে পারলেন না জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার একটি বাতিল প্রকল্প ঘিরে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ ইংল্যান্ড ও জার্মানির ফুটবলপ্রধানেরা। তাদের মতে, শুধু ক্ষমা চাইলেই হবে না। দিতে হবে প্রশ্নের জবাব। নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কারও। এমনকি ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর থাকা উচিত কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফিফা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকে ক্ষমা চান ইনফান্তিনো। তবে তার দাবি, প্রকল্পটি ছিল কেবল একটি প্রস্তাব, কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কিন্তু তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ইউরোপের প্রভাবশালী ফুটবল প্রশাসকেরা। তাদের মতে, বিষয়টি শুধু যোগাযোগের ঘাটতিতে সীমাবদ্ধ নয়; ফিফার পরিচালনব্যবস্থা এবং নেতৃত্বের স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বার্নড নয়েনডর্ফ ফিফার প্রশাসনে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। নয়েনডর্ফের ভাষায়, ‘প্রথম বিষয় হলো, আমাদের সংস্কার প্রয়োজন। এটি সত্যি এবং সবাই তা জানে। পুরোনো প্রশাসন ও পুরো পরিচালনব্যবস্থাকে সংস্কার করতে হবে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, জিয়ান্নির অধীনে এটি সম্ভব নয়।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ নতুন সূচনা প্রয়োজন।’
একই সুর শোনা গেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপার্সন ডেবি হিউইটের বক্তব্যেও। হিউইট বলেন, ‘আমার মনে হয়, তাকে প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। আর তিনি যদি তা না দেন, তবে তিনি ফিফা সভাপতি পদে থাকার উপযুক্ত নন।’
ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনার উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে নয়েনডর্ফে বলেন, ‘আমার মনে হয়নি, পুরো এফএফই প্রকল্পের জন্য এই ক্ষমা চাওয়া হয়েছে। আমার ধারণা, বিষয়টি কাউন্সিলে না আনা এবং কাউকে যুক্ত না করার জন্যই কেবল এই দুঃখ প্রকাশ করা হয়েছে।’
পাপ্পু/
আরও পড়ুন
ইয়ামাল-আলভারেজদের সুরক্ষার দাবি ভিনিসিয়ুসের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত
-->মাঠে প্রতিপক্ষের ফাউলের শিকার হতে হয় বারবার, অথচ শাস্তি যেন শেষ পর্যন্ত নেমে আসে তারই ওপর-এমন অভিযোগ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি জানিয়েছেন, লামিনে ইয়ামাল ও হুলিয়ান আলভারেজের মতো প্রতিভাবান আক্রমণভাগের খেলোয়াড়দের আরও বেশি সুরক্ষা দিতে হবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-৩ গোলের নাটকীয় জয়ের পর এই মন্তব্য করেন ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে নিজের বর্তমান ফর্মহীনতার কথা স্বীকার করলেও দ্রুতই সেরা ছন্দে ফেরার বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান তিনি।
রোমার বিপক্ষে এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেই লা লিগায় চার ম্যাচের নিষিদ্ধাজ্ঞা পেয়েছেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুলে টান দেওয়া এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়।
আরও পড়ুন
ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, ‘এর আগে অন্য কোনো খেলোয়াড়ের চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা আমার মনে পড়ে না। আমি শুধু সামনের খেলোয়াড়কে রাস্তা থেকে সরাতে চেয়েছিলাম, আর তাতেই তার চুলে আমার হাত লেগে যায়।’
তিনি আরও বলেন, ‘ব্যাপারটা শুধু এটুকুই ছিল-একটি লাল কার্ড, যা আমাকে ভীষণ অবাক করেছে। রেফারিকে আমি এমন কোনো আপত্তিকর কথাও বলিনি যার কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে। কিন্তু যখন সেটা ভিনির ক্ষেত্রে হয়, তখন সবকিছুই যেন খুব সহজ হয়ে যায়।’
পরিসংখ্যান তুলে ধরে ভিনিসিয়ুস বলেন, ‘আমি পরিসংখ্যান দেখেছি: আমি প্রায় ৫০০ ফাউলের শিকার হয়েছি, অথচ এর বিপরীতে (প্রতিপক্ষের) মাত্র পাঁচটি লাল কার্ড দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত হলুদ কার্ডগুলো যেন সবসময় ভিনির ভাগ্যেই জোটে, আক্রমণভাগের খেলোয়াড়দেরই পেতে হয়। যারা খেলায় ভিন্ন কিছু নিয়ে আসে, বার্সেলোনার লামিনে বা আতলেতিকোর হুলিয়ানের মতো খেলোয়াড়দের আমাদের রক্ষা করা দরকার। ডিফেন্ডাররা সারা ম্যাচ ধরে আমাকে ফাউল করার ছাড়পত্র পায়, অথচ শেষ পর্যন্ত কার্ড দেখতে হয় আমাকেই।’
পাপ্পু/
আরও পড়ুন
টিভিতে আজ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেট (সরাসরি)
নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট
ত্রিদেশীয় সিরিজ ফাইনাল
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ১১টা, ট্যাপম্যাড
নারী ক্রিকেট সিরিজ
ভারত-জিম্বাবুয়ে
প্রথম টি-টোয়েন্টি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস
ফুটবল (সরাসরি)
লা লিগা
দেপোর্তিভো-লেভান্তে
রাত ১টা, ফ্যানকোড
আরও পড়ুন
ইতালিয়ান সিরি এ
প্রোসিনোন-সাসুলো
রাত ১২টা ৪৫ মিনিট, জি৫
বুন্দেসলিগা
ফ্রাঙ্কফুর্ট-কোলন
রাত ১২টা ৩০ মিনিট, জি৫
সৌদি প্রো লিগ
আল কুয়াদিসিয়া-আভা
সন্ধ্যা ৭টা ১৫ মিনিট, ফ্যানকোড
পাপ্পু/
