কালবেলা · আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ ভিত্তিহীন, কড়া জবাব তেহরানের
১৩/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের ব্যবহৃত যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে গত মাসে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছে তেহরান। সোমবার (১২ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের আনা অভিযোগের নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।
এর আগে সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাটি ইরানে সমন্বিত হয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তার দাবি, এ ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রায় নিশ্চিতভাবেই জড়িত ছিল।
ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
জবাবে তেহরান বলেছে, ‘প্রবল সম্ভাবনা’ কিংবা ‘প্রায় নিশ্চিত’; এ ধরনের শব্দ ব্যবহার করে যুক্তরাজ্য সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করে অস্পষ্ট ভাষার আড়ালে আশ্রয় নিচ্ছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য জানিয়েছেন।
পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের বিমানটি ইতিমধ্যে ১৪টি সামরিক অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এ সহায়তা প্রয়োজন।
মূল প্রতিবেদনে যান ↗