ঢাকা: সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণার অভিযোগে সাবেক দুই সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার হলেন— লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
ডিএমপি জানায়, রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পল্লবী এলাকা থেকে লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা এবং বনানী ডিওএইচএস এলাকা থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেফতার করা হয়।
আকতার হোসেন বলেন, “গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন। এ ছাড়া অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ‘Unity Care Public Parliament’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামের একটি পেজের মাধ্যমেও তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।”
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে টানা সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
