দীর্ঘ ১৭ বছর ধরে কাজের সুযোগ থেকে বঞ্চিত ঠিকাদারদের পুনরায় কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, স্থানীয় ঠিকাদারদের কাজের সুযোগ নিশ্চিত না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
এ ক্ষেত্রে প্রকৌশলীদের সহযোগিতামূলক ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। শনিবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান হুইপ। তিনি স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে জেলার ঠিকাদারদের কাজের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বরগুনাকে একটি আদর্শ জেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে নুরুল ইসলাম মনি বলেন, মাদক, বিশেষ করে ইয়াবার বিস্তার, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধ করতে হবে।
আগামী দুই মাসের মধ্যে জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন তিনি। নদীভাঙন, বন্যা ও লবণাক্ততার সমস্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান হুইপ বলেন, প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট নির্মাণ এবং খাল খননের উদ্যোগ নিতে হবে।
কোন কোন খাল খনন করা প্রয়োজন, তা চিহ্নিত করার দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
হাসপাতালের সেবার মান ও অবকাঠামোগত পরিস্থিতি উন্নয়নে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দেড় মাসের মধ্যে তিনি নিজে হাসপাতালটি পরিদর্শনে যাবেন বলেও জানান।
সড়কের স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্মাণের তিন বছরের মধ্যে কোনো সড়ক নষ্ট হয়ে গেলে তা মেরামতের দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। বদলি হয়ে গেলেও এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
বরগুনায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধান হুইপ। তিনি জেলায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলেন, যাতে প্রশিক্ষিত কর্মী তৈরি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।
কৃষকদের ঋণের সুদ মওকুফের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারেক রহমানের সরকার কৃষকদের ঋণের সুদ মওকুফ করেছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বিআলো/আমিনা