মাদকের বিস্তার রোধ ও সাইবার অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে পৃথক ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের বিষয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বিগত ২০২৫ এবং চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের অপরাধের একটি তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠকে উভয় বছরের তৃতীয় কোয়ার্টার বা প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অপরাধের চিত্রও কমিটির সামনে তুলে ধরা হয়। এছাড়া দেশের বর্তমান সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপস্থাপিত প্রতিবেদনে ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার আইনের আওতাধীন অপরাধ, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদক এবং চোরাচালান সংক্রান্ত মামলার তথ্য অন্তর্ভুক্ত ছিল।
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য ও ইতিবাচক উন্নতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতির এই ধারাবাহিক উন্নয়নে বৈঠকে উপস্থিত কমিটির সদস্যরা গভীর সন্তোষ প্রকাশ করেন।
সারাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত কার্যক্রম নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। এসময় সরকারের নেওয়া বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে পৃথক ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়।
এই আধুনিক অপরাধগুলোর ধরণ বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও যুগোপযোগী ও উন্নত প্রযুক্তি ব্যবহারে সংসদীয় কমিটির পক্ষ থেকে জোর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সম্প্রতি ঢাকা মেগাসিটিতে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং ঢাকার সার্বিক নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এর জবাবে কমিটির সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর নেওয়া সমন্বিত তৎপরতা ও এর দৃশ্যমান অগ্রগতি কমিটির সামনে তুলে ধরেন।
সংসদীয় কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, আইন ও নিরাপত্তা সংক্রান্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
