হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫ জন মারা
গেছে। এর বাইরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছে একজন করে।
সরকারি তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৭৭ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৭৩ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৪ জনের। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৩, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জনের। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৮৯ জন।
