দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুপুত্র-কন্যাকে শ্বাসরোধে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন— স্বর্ণা আকতার (২৩) এবং তার চার বছরের ছেলে সাফায়েত হোসেন ও এক বছরের শিশুকন্যা রাইসা আকতার।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফাপুর গ্রামের শাকিল (২৭) ও তার স্ত্রী স্বর্ণা আকতারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শাকিল মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
রোববার সন্ধ্যা ৬টার দিকে পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে ফাঁকা বাড়িতে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন স্বর্ণা। এরপর তিনি নিজেও ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একই পরিবারের তিনজনের এই হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এই ঘটনার পেছনের আসল কারণ ও বিস্তারিত তদন্ত শেষে সাংবাদিকদের জানানো হবে।
