
চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দত্ত মেডিকেল হলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইনজারুল হক। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নীলনারা ইয়াসমিন এবং চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে চান্দিনা মধ্য বাজারের দত্ত মেডিকেল হলে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইনজারুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি
