ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান মিলেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানিয়েছে, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক ঢাকার বাসায় ফিরছেন এবং তার সঙ্গে কী হয়েছে এ বিষয়ে জানাবেন তিনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন, নিজেই বাসে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন দুলাল কান্তি ভৌমিক। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সন্ধান চেয়ে তার স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
