বিগত কয়েক বছর ধরে দেশের চলচ্চিত্র শিল্পে এক ধরনের স্থবিরতা। কয়েক বছর ধরে ঈদ ছাড়া সিনেমা মুক্তি পায় না। সেই ধারাবাহিকতা ভেঙ্গে অনেক দিন পর দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি নতুন সিনেমা। যদিও সিনেমাগুলোর কেন্দ্রীয় চরিত্রগুলো নবীন। তার মধ্যে অনেকটাই নীরবে মুক্তি পাচ্ছে এসব সিনেমা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি ভিন্ন স্বাদের সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘চিরকুট’, ‘কাট-পিস’ এবং ‘স্নেহের বন্ধন’। ক্যাম্পাস নস্টালজিয়া, ক্রাইম থ্রিলার এবং পারিবারিক আবেগের এই ত্রিমুখী লড়াই উৎসবের আমেজকে আরও জমিয়ে তুলবে বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
মুনতাসির আকিবের পরিচালনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’। নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। মূলত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবন, তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং সেই সময়ের শিক্ষার্থীদের আবেগ-অনুভূতিকে সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তোলা হয়েছে এতে। সিনেমাটির মূল আকর্ষণ এর বিশাল অভিনয়শিল্পী দল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা এবং আজিজুন মিম। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জীব আহমেদ প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সগুলোতে প্রদর্শিত হবে।
ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নির্মিত ‘কাট-পিস’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। এটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার একটি ক্রাইম-ড্রামা চলচ্চিত্র। মিরপুরের গার্মেন্টস খাতের ঝুট (ফেব্রিক স্ক্র্যাপ) ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষমতার লড়াই, আন্ডারওয়ার্ল্ডের রাজনীতি, অর্থ এবং প্রেম-সংঘাতের বাস্তবধর্মী রূপ উঠে এসেছে এই গল্পে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে রাফাহ নানজীবা তোরসার। এই মডেল-অভিনেত্রী ‘মালা’ চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত শিফাত আমিন শুভ। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান আহমেদ সওদাগরকে। স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ২৩টি সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা নিয়ে আসছেন পরিচালক কামরুজ্জামান। সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, মৌ খান, আঁখি চৌধুরী, সাবেরী আলম, নাদের চৌধুরী, শিবা শানু ও রিনা খান প্রমুখ। সিনেমাটি কয়েকটি মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে বলে জানা গেছে।
কোনো রকম ঢাকঢোল না পিটিয়ে, বড় কোনো প্রচার-প্রচারণা ছাড়াই সিনেমাগুলো মুক্তি পাচ্ছে। শারদীয় দুর্গাপূজার উৎসবের এই মোক্ষম সময়ে যেখানে সিনেমা নিয়ে তুমুল আলোচনা ও প্রচার থাকার কথা, সেখানে এক প্রকার প্রচারণাহীনভাবেই হলমুখী হচ্ছে সিনেমাগুলো। প্রচারণার এই ঘাটতি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।