- ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
মাদ্রিদ: আশঙ্কাই সত্যি হল! প্রতিপক্ষ ফুটবলারের চুল টানার দায়ে শাস্তির মুখে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র। বুধবার লা লিগার শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিয়ারিয়াল ম্যাচে নাথান সালিবার চুল টানার দায়ে ভিনিসিয়াসকে চার ম্যাচ নির্বাসিত করা হয়েছে। ফলে আগামী ২৫ অক্টোবর এল ক্লাসিকোয় তাঁকে ছাড়াই দল সাজাতে হবে কোচ হোসে মরিনহোকে। উল্লেখ্য, গত শনিবার লা লিগার অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় রিয়াল। ম্যাচে ইয়ান ডিওমান্ডের গোলে লিড নেয় মাদ্রিদের ক্লাবটি। এরপর ব্যবধান বাড়ান ভিনিসিয়াস। তবে এক্ষেত্রে রেফারি ভারের সাহায্য নিয়ে দেখেন, গোলের আগে বিপক্ষ ফুটবলারকে টপকাতে তাঁর চুল ধরে টানেন ব্রাজিলিয়ান তারকা। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখানো হয়। ভিনিসিয়াস অবশ্য গোটা ঘটনার জন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এবার চার ম্যাচ নির্বাসনের কথা জানান পরই লিগ আয়োজকদের একহাত নিলেন। তিনি বলেন, ‘গোটা দিনটা ছিল। তারা চাইলে যে কোনো সময় এই শাস্তির কথা জানাতে পারত। তবে আমি অ্যাওয়ে ম্যাচ খেলতে স্টেডিয়ামে পৌঁছানোর পরই ঘোষণা করল। এটা কাঙ্ক্ষিত নয়। একইসঙ্গে লিগ কমিটির উচিত, যে সকল ফুটবলাররা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, তাদের আরও বেশি করে সুরক্ষা দেওয়া। এই তালিকায় আমি ইয়ামাল, আলভারেজদেরও রাখব। ডিফেন্ডাররা চাইলেই আমাদের লাথি মারছে, ধাক্কা দিচ্ছে। তা সত্ত্বেও আমাদেরই কার্ড দেখানো হচ্ছে!’
