চাঁদপুর: জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের বস্তাবন্দি মধ্যবয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে গ্রামের এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মরদেহটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তদন্ত চলছে বলেও জানান তিনি।
