চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাইজভাণ্ডার শরীফ বিভাজনের নয়, বরং সাম্য ও ঐক্যের প্রতীক। মাইজভাণ্ডার দরবার শরীফ যে একটি সর্বজনীন দরবার, তা আজ প্রমাণিত। ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য উন্মুক্ত এ দরবার শরীফ সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।
তিনি বলেন, সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর দুই সন্তান তাঁদের পরিবারের ঐক্যের ঐতিহ্য ধরে রেখেছেন। মাইজভাণ্ডার শরীফ সব ধর্ম ও বর্ণের মানুষের দরবার। সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর বেছাল দিবস উপলক্ষে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে গত সোমবার বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন। সভাপতিত্ব করেন আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, অছিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভাণ্ডারী ও সৈয়দ মনিরুল হক মাইজভাণ্ডারী মানুষের পাশে থাকার যে শিক্ষা দিয়ে গেছেন, সেই আদর্শ অনুসরণ করেই প্রতিবছরের মতো এবারও এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা বছরই বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে এ দরবার।
এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কাজী জানে আলম বাবুল চেয়ারম্যান, নাজমুল হাসান মাহমুদ শিমুল প্রমুখ।
