বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এই দুই শক্তির কারণে দেশে শান্তি ফিরে আসছে না। আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় আসার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এখন স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।’
তিনি আরও অভিযোগ করেন, একসময় যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তার অভিযোগ, বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। সাধারণ মানুষকে এর ভোগান্তি পোহাতে হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’
আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
সভায় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
