ঢাকা,১৮ অক্টোবর-প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার, ২০ অক্টোবর রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন। এ ছাড়া রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপও পরিদর্শন করবেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে রাজশাহীর উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতির বিভিন্ন দিক দেখতে রাসিক প্রশাসক আজ রোববার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রাজশাহীর সার্বিক উন্নয়নে বিএনপি বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প হাতে নিয়েছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলছে।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
