Published on
:
2 min read
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকত এলাকায় একটি কাঠের রিসর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। মৃত কমপক্ষে ১০ পর্যটক। এ ছাড়াও গুরুতর জখম বেশ কয়েকজন। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসর্ট’-এ হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসন ইতিমধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে ঠিক কী ভাবে ওই রিসর্টে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সে দেশের জেলা প্রশাসন।
দমকল সূত্রে খবর, সকাল ৭টা ২৩ মিনিট নাগাদ তাদের কাছে রিসর্টে আগুন লাগার খবর আসে। সকাল ৮টা নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রিসর্টটি কাঠ দিয়ে তৈরি হওয়ায় এবং সমুদ্রের হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এখনও পর্যন্ত অন্তত সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে খবর পুলিশ সূত্রে। তাঁরা রিসর্টের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অগ্নিদগ্ধ ওই রিসর্টে জোরকদমে তল্লাশি চালাচ্ছেন দমকল ও উদ্ধারকারী কর্মীরা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে খবর, সকালে হঠাৎই ওই রিসর্ট থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী। প্রশাসনের প্রাথমিক অনুমান, রিসর্টের রান্নাঘরের জ্বলন্ত চুল্লি থেকেই কোনও ভাবে আগুন লাগে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দমকলের চট্টগ্রাম বিভাগের উপ-অধিকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সাত-আট মাস আগে তৈরি হওয়া এই কাঠের রিসর্টে অগ্নি সুরক্ষার কোনও ব্যবস্থাই ছিল না। অগ্নিনির্বাপক যন্ত্র, স্মোক অ্যালার্ম বা ফায়ার হোস পাইপ—কিছুই রাখা হয়নি বলে অভিযোগ। এমনকী ওই রিসর্টের কোনও বৈধ ফায়ার লাইসেন্সও ছিল না।