কালবেলা · বিনোদন
‘ব্যাচেলর পয়েন্ট’-এ প্রেমের মোড়, শেষদিকে অ্যাকশন!
২০/১০/২০২৬

তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গ (Bongo) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির ‘চ্যাপ্টার ১৬’। এতে রয়েছে ১২১ থেকে ১২৮ নম্বর পর্ব।
নতুন চ্যাপ্টার মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। বিশেষ করে নির্মাতা কাজল আরেফিন অমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘পাশা ভাইয়ের জীবনে প্রেম দরকার’। এরপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, ব্যাচেলর ফ্ল্যাটের রাগী স্বভাবের চিরকুমার পাশা ভাইয়ের জীবনে কি সত্যিই আসতে চলেছে প্রেম? নতুন চ্যাপ্টার প্রকাশের মধ্য দিয়ে সেই কৌতূহলের উত্তর খোঁজার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
তবে এবারের পর্বগুলোতে শুধু প্রেমের গল্পই নয়, থাকছে আরও নানা চমক। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, চ্যাপ্টারের শেষ দিকে রয়েছে জমজমাট অ্যাকশন দৃশ্য। ফলে পাশা ভাইয়ের জীবনে রোমান্টিক কোনো পরিবর্তন আসে কি না, তার পাশাপাশি শেষ মুহূর্তের টানটান উত্তেজনাও দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে।
দর্শকদের আগ্রহ ও সিরিজটির জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে ‘চ্যাপ্টার ১৬’ তৈরি করা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বিশেষ সম্প্রসারণ হিসেবে। নতুন এই অধ্যায় দেখতে বঙ্গ থেকে যাঁরা ইতোমধ্যে ‘এইচ৫ সিজন পাস’ কিনেছেন, তাঁদের আলাদা করে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তাঁদের জন্য পর্বগুলো দেখা যাবে বিনা মূল্যে। অন্য দর্শকদের জন্যও শুধু নতুন চ্যাপ্টার দেখার পৃথক সাবস্ক্রিপশন প্যাক রয়েছে।
পাশা ভাইয়ের জীবনে প্রেমের সম্ভাবনা, শেষদিকে অ্যাকশনের উত্তেজনা আর ব্যাচেলরদের চেনা ছন্দে নতুন সব কাণ্ড—সব মিলিয়ে ‘চ্যাপ্টার ১৬’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নতুন পর্বগুলো দেখতে চোখ রাখতে হবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।
মূল প্রতিবেদনে যান ↗