মাদারীপুরে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় প্রায় ৮০০ বছরের পুরোনো রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন এসআরবি-৮-এর বরিশাল বিভাগীয় অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্লোগান অনুযায়ী রাষ্ট্রের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, তাঁদের আত্মবিশ্বাস রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এসআরবি অধিনায়ক আরও বলেন, বরিশাল বিভাগীয় এসআরবির অধীনে মাদারীপুরের শতাধিক পূজামণ্ডপসহ আটটি জেলার সাত শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। প্রতিটি জেলায় দুটি করে ভ্রাম্যমাণ দল কাজ করছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে খবর পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।
এ বছর মাদারীপুর জেলার পাঁচটি উপজেলায় মোট ৪৫২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজৈর উপজেলায় সবচেয়ে বেশি ২৭১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া শিবচরে ৪৫টি, কালকিনিতে ২৩টি, ডাসারে ৩৯টি এবং মাদারীপুর সদর উপজেলায় ৭৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এমএ
