নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীর পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে এবং পুলিশের অভিযানে আরেকজনসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বিপ্রবোয়ালিয়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুর রকিব প্রামাণিক (৪৫) বিপ্রবোয়ালিয়া বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসার কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রকিব প্রামাণিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় মামলা করেন।
পরে স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিনই বিপ্রবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমারকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ছাড়া রোববার রাতে থানা-পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিনকে (২১) গ্রেপ্তার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
