‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার বামনায় সড়কভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ‘আজাহার মোল্লা ইউজেডআর টু আকবর আলী হাউস আরএইচডি সড়ক’-এ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: নিকহাত তারার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসন ও এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
সভাপতির বক্তব্যে ইউএনও মোসা: নিকহাত তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জলবায়ুর প্রভাব মোকাবিলায় উপকূলীয় জেলা বরগুনায় বনায়ন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
জেএইচআর
