কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত (নেতৃত্ব) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে দুই সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জামায়াত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী কার্যালয়ে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও অনভিপ্রেত ঘটনার ওপর দীর্ঘ আলোচনার পর গঠনতন্ত্রের ১৬(৩) ধারার ‘চ’ অনুচ্ছেদ ও ৬৩ ধারার ক্ষমতাবলে সংগঠনটির মহানগরী কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেন্দ্রীয় কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে কুমিল্লা মহানগরী জামায়াত। কুমিল্লা সংগঠনের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।
এ ছাড়া ১৪ অক্টোবরের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম (এমপি) এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াত আমীরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী আইনানুগ ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।
