গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার কার্টুন গুদামে লাগা আগুন পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টুন গুদামে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট কাজ করেছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইউনিট যুক্ত হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট একযোগে কাজ করে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। কার্টুন ফ্যাক্টরিতে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন চারিদিক থেকে ঘিরে রেখে নয়টি ইউনিটের মাধ্যমে দুপুর ১টা ৫০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে বিপুল পরিমাণ কার্টুন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
