ইউরোপের মঞ্চে নিজেদের সামর্থ্য আরও একবার জানান দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এক সপ্তাহ আগে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছিল তারা। এবার একই ব্যবধানে হারাল মৌসুমের শুরু থেকে অপরাজিত থাকা বার্সেলোনাকে। এমন দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছেন পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। তাঁর বিশ্বাস, ইউরোপ ও বিশ্বের সেরা দল।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে পার্ক দে প্রাঁসে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপীয় ফুটবলে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে লুইস এনরিকের পিএসজি।
ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’
বার্সেলোনার বিপক্ষে জয়টি পিএসজির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই মৌসুমে এর আগে কোনো ম্যাচে হারেনি কাতালানরা। একই সাথে ইউরোপের আরেক শক্তিশালী দল ম্যানচেস্টার সিটিকেও এক সপ্তাহ আগে একই ব্যবধানে হারিয়েছিল পিএসজি। পরপর দুই ম্যাচে এমন জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’
ম্যাচে বার্সেলোনা দুবার সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তুলেছিল। তবে শেষ দিকে ভিতিনিয়া ও ফ্যাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত করে পিএসজি। দুই দলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। হাকিমির কাছেও এটি ছিল দারুণ এক অভিজ্ঞতা।
তাঁর ভাষায়, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’
লক্ষ্য আবারও চ্যাম্পিয়নস লিগ জয়
জয়ের আনন্দে ভেসে গেলেও সামনের লক্ষ্য থেকে চোখ সরাতে চান না হাকিমি। পিএসজির স্বপ্ন আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। সেই লক্ষ্য পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ওপর জোর দিয়েছেন মরক্কোর এই ডিফেন্ডার।
হাকিমি বলেন, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’
দলের জয়ের মানসিকতা ধরে রাখতে কোচ লুইস এনরিকের ভূমিকাও তুলে ধরেছেন তিনি। প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা জাগিয়ে রাখার কাজটি করেন স্প্যানিশ এই কোচ।
হাকিমির কথায়, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’
