The Sangbad · সাধারণ
মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
২২/১০/২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকটির চালক গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের আশ্বাসে সেলফি পরিবহনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন–মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকটি ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরঙ্গাইল হাটের দিকে আসছিল। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী ইয়াসিন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রী বাবলুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইক চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে দূরপাল্লার শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এর প্রতিকার চেয়ে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। একপর্যায়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ভিডিও বার্তার মাধ্যমে আপাততঃ সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখার আশ্বাস দেন। জেলা প্রশাসনের এই ঘোষণার পর উত্তেজিত জনতা পথ ছেড়ে দিলে প্রায় তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেলফি পরিবহনের অনিয়ন্ত্রিত গতির কারণে ঘন ঘন প্রাণহানি ঘটায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের আলোচনার পর আপাতত সেলফি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত জানালে জনগণ অবরোধ প্রত্যাহার করে নেয়।মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, 'সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এই পরিবহনের বিষয়ে প্রয়োজনীয় কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'
মূল প্রতিবেদনে যান ↗