সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে একটি বিশেষ দৃশ্য ধারণ করতে গিয়ে তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। প্রথমে অনেকে ভেবেছিলেন, রজনীকান্তের সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়েছেন অভিনেত্রী। তবে পরে জানা যায়, এর পেছনে ছিল অন্য কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির একটি দৃশ্যে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয়েছিল বিদ্যাকে। দৃশ্যটি ঠিকভাবে ধারণ করতে তাঁকে প্রায় তিনবার শট দিতে হয়। পরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিনয় করলেও শুটিংয়ের সময় শারীরিক অস্বস্তিতে পড়েন তিনি।
বিদ্যা জানান, তিনি ভেবেছিলেন ধূমপানের দৃশ্যটি সহজেই করতে পারবেন। কিন্তু প্রথমবার শট দেওয়ার পরই তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। এতে বিব্রত হয়ে পড়েন অভিনেত্রী।
বিদ্যার ভাষায়, ‘ভেবেছিলাম, আমি তো ধূমপান করতে জানি। সেটে গিয়েই ঠিকঠাক শট দিয়ে দেব। কিন্তু প্রথম টেকের পরই হাত-পা কাঁপতে শুরু করে। লজ্জায় পড়ে গিয়েছিলাম। সবাই ভেবেছিল, রজনী স্যরের সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে পড়েছি।’
তবে অভিনেত্রীর ব্যাখ্যা, রজনীকান্তের সামনে দাঁড়ানোর ভয় নয়, বরং সিগারেটের নিকোটিনের প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদ্যা বলেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। শুটিংয়ের সময় নিয়মিত তাঁর খোঁজখবর নিতেন এই সুপারস্টার।
পর্দায় ধূমপানের দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও নিজের মত জানিয়েছেন বিদ্যা। তাঁর মতে, গল্পের প্রয়োজনে কখনো এমন দৃশ্য রাখা যেতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয়ও হতে পারে।
