ঢাকা নগরের সৌন্দর্য-বৃদ্ধির প্রকল্পের অংশ হিসেবে এক সপ্তাহ আগে চারুকলা ইন্সটিটিউটের দেয়ালে রবীন্দ্রনাথের ছবিটি আঁকা হয়৷ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ শনিবার তারা সেই ছবিতে কালো কালি দিয়েছেন৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবর অনুযায়ী, রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতে জমা দেওয়া পুলিশের নথি থেকে এসব তথ্য জানা গেছে বলে বলেও খবরে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷'' তিনি আরো বলেন, সন্দেহভাজনরা ‘‘সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি এবং ধর্মীয় অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করেছিল৷''
রবীন্দ্র, নজরুলকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘রাষ্ট্র সংলাপ ফোরাম' নামের একটি জাতীয়তাবাদী সংগঠনের সদস্য৷
১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা'-র রচয়িতা৷ ১৯৭১ সালে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের পর গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দেয়া হয়৷
২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরকোনো কোনো মহল থেকে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তোলা হয়৷
ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন৷ তারপর থেকে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে৷
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ব্রিটিশ-শাসিত ভারতের কলকাতা শহরে৷ ১৯৪১ সালে মারা যান তিনি৷
এসিবি/ জেডএইচ (এএফপি, প্রথম আলো)
